ম্যানারস বা শিষ্টাচার শেখানোর নামে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের র্যাগিং সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। র্যাগিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “জুনিয়রদের আইসক্রিম দিতে পারবেন, কেক খাওয়াতে পারবেন কিংবা বন্ধুত্ব করতে পারবেন। কিন্তু রাতের অন্ধকারে ডেকে নিয়ে ম্যানারিজম শেখানোর নামে র্যাগিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে ছাত্রত্ব বাতিলসহ প্রয়োজনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হবে।”
বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর ও মানসম্মত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা দরকার। বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি ও গবেষণা প্রসারে ডিজিটাল লাইব্রেরিসহ প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিকল্পনা ও উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য জানান, নওগাঁবাসীর আস্থার প্রতি সম্মান রেখে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর ও পাঁচটি ইউনিক ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ডিপিপি (ডিজিটাল প্রজেক্ট প্রোফাইল) দ্রুত অনুমোদনের জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ইউজিসির ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির এবং আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ অনেকে।পরে কেক কেটে কোর্স সমাপনী উদযাপন করা হয়।
ইমি/


