হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করা হয়েছে।
গত ৭ নভেম্বর শনিবার পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট ও কম্বলসহ ৮ লিটার বাংলা মদ এবং ৫৯ কেজি বীজ আলু জব্দ করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। সীমান্তের মেইন পিলার ১৯৮৩/এম থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট ও কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে মাধবপুর উপজেলার সানুমাজার এলাকায় তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ ও ৫৯ কেজি বীজ আলু জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ হাজার ৩৫০ টাকা।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য অবৈধ পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে যথাযথ আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ২৬ জন আসামিকেও আটক করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।
পড়ুন : নেত্রকোনায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে ধরল পুলিশ


