ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহাকে ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি সাম্প্রতিক পোস্টকে কেন্দ্র করে অনুরাগীদের মাঝে জোর গুঞ্জন ছড়িয়েছে যে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি নীহা নিজে।
এর আগে ফেসবুকে সম্পর্কের স্ট্যাটাস ‘এনগেজড’ দেওয়াকে কেন্দ্র করে তাঁর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময় ফোনে যোগাযোগ করা না যাওয়ায় কৌতূহল আরও বেড়ে যায়। পরবর্তীতে অবশ্য নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়ে নীহা জানান যে, তাঁর বাগদান হয়নি, তবে তিনি সম্পর্কে রয়েছেন। এমনকি প্রেমিকের একটি ছবি প্রকাশ করলেও তাঁর পরিচয় বা নাম গোপনেই রাখেন তিনি। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, সঠিক সময় এলেই সবাইকে তাঁর প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
ওই ঘটনার কয়েক মাস পর গতকাল রোববারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে। ছবিগুলোর সঙ্গে যুক্ত করা ক্যাপশনে ব্যক্তিগত জীবনের বিশেষ এক অধ্যায়ের কথা উল্লেখ করেন তিনি।
সেই পোস্টে নাজনীন নীহা লিখেছেন, “একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। এখন সেই জার্নি আমরা আনন্দের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ আমাদের সুন্দর বন্ধনের জন্য আশীর্বাদ দিয়েছেন। তাঁর পবিত্র ঘরে আমাদের একত্রিত করেছেন- এ জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই বন্ধনে সর্বদা বরকতে পরিপূর্ণ রাখেন।”
এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ভক্ত-অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই যেমন নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, তেমনই প্রিয় তারকার বিয়ের খবরে মজার ছলে মন খারাপের কথাও প্রকাশ করেছেন কেউ কেউ।
তবে পোস্টে সরাসরি ‘বিয়ে’ শব্দটির উল্লেখ না থাকায় এটি সত্যিই বিয়ের আনুষ্ঠানিকতা নাকি সম্পর্কের অন্য কোনো বিশেষ মুহূর্তের উদযাপন—তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। ভক্তদের ধারণা, পূর্বে পরিচয় গোপন রাখা সেই প্রেমিকের সঙ্গেই হয়তো ঘর বেঁধেছেন অভিনেত্রী। এখন শুধু নীহার নিজের মুখেই গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুসারীরা।
পড়ুন : তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
সা/


