নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ ফিশারিতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে
নিহত তাপস সরকার নওপাড়া গ্রামের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী সুনীল চন্দ্র সরকারের বড় ছেলে। বাবার আদর্শ ধরে রেখে তিনি নিজেও নওপাড়া বাজারের একজন পরিচিত ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ সুনাম অর্জন করেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও তাপস সরকার তার বাড়ির পেছনের ফিশারিতে (মাছের খামার) পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পানি সেচের উদ্দেশ্যে ফিশারিতে থাকা বৈদ্যুতিক মোটরটি চালু করতে গেলে হঠাৎ সেখানে শর্টসার্কিটের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একজন কর্মঠ ও সদালাপী ব্যবসায়ীর এমন আকস্মিক এবং অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে নওপাড়া গ্রাম, স্থানীয় নওপাড়া বাজার ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে ভিড় জমান অসংখ্য শোকার্ত মানুষ। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তাঁর এই অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, সহকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওপাড়া গ্রামে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পড়ুন : নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার


