তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz)।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানান, আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
পড়ুন : ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
সা/


