চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এর মধ্যে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে আফগানিস্তান। দুই ম্যাচের বিজয়ীরা আগামী ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি দুটি ভেন্যুতে শুরু হবে সেমিফাইনালের ম্যাচ। বাংলাদেশের সামনে এবার ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করেই শেষ চারের লড়াইয়ে নামতে চায় ফরিদ হাসানের দল।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের যুবাদের। প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারের মুখে পড়ে দলটি। আফগানিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
তবে প্রথম ম্যাচের সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি দলটি। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে আরও বড় জয় তুলে নেয় যুবা টাইগাররা। ম্যাচটিতে ২০৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে জয় পাওয়ায় শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। এখন লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা।
বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আহসান মুমিন। সর্বশেষ দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮২ ও ১৫২ রানের দুর্দান্ত ইনিংস। এমন পারফরম্যান্সে দলের ব্যাটিং লাইনআপে আত্মবিশ্বাস বেড়েছে।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনের গল্প জানিয়েছেন এই তরুণ ব্যাটার। তিনি বলেন, ‘আমার ক্রিকেটে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হব। বাসার পেছনে নেট আছে, সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করেন। সব সময় পাশে থেকেছেন। তাঁর কারণেই আজ এতদূর আসতে পেরেছি।
নিজের ক্রিকেটীয় আদর্শ নিয়েও কথা বলেছেন আহসান। তাঁর পছন্দের ক্রিকেটারদের একজন শহীদ আফ্রিদি। এ ছাড়া বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের বড় ইনিংসগুলো থেকেও অনুপ্রেরণা পান তিনি।
আহসান বলেন, ‘শহীদ আফ্রিদিকে ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০ আর ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অবাক হয়েছি যে এত বড় ইনিংসও খেলা যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। গ্রুপপর্বে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও আফগানিস্তানের লড়াইও হতে যাচ্ছে আকর্ষণীয়। দুই দলই গ্রুপপর্বে নিজেদের পারফরম্যান্স দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।
এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য—পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে জায়গা করে নিতে পারলে আরও একবার নিজেদের প্রতিভার জানান দেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
পড়ুন:হঠাৎ লাহোর থেকে সরে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট
ইমি/


