ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিযে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গেদু মিয়া জেলার সরাইল উপজেলার বেড়তলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
এসআরবি ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকার ৫ বছরের এক কন্যা শিশুকে তার নানি বেড়াতে নেওয়ার কথা বলে বেড়তলা এলাকার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে পরদিন সকালে শিশুটির জ্বর হয়েছে বলে তার নানি শিশুর মাতাকে মোবাইল ফোনে জানান। পরবর্তীতে একই দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি এবং সারারাত বমি করার বিষয়টি জানান। পরদিন ১৯ অক্টোবর সকালে শিশুটিকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক কিছু শারীরিক লক্ষণ দেখতে পান। এ সময় শিশুটির প্রস্রাবের রাস্তায় আঘাতের চিহ্ন, চামড়া ছিলে যাওয়া এবং দুই চোখ লাল হয়ে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখতে পান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
শিশুর মা ধারনা করেন, যেকোনো সময়ে শিশুটির নানা গেদু মিয়া শিশুটিকে ধর্ষণ করেছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে গেদু মিয়া পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে আসামিকে এসআরবি-৯ সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত নানা গেদু মিয়াকে গ্রেফতার করে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী


