আগামীকাল ১৩ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠার ৪০ বৎসর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ৪০ দিন বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬। প্রথম পর্বে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১২টি নাটকের মঞ্চায়ন নিয়ে শুরু হবে মহানগর নাটক পর্ব।
উদ্বোধনী পর্বে ১৩ নভেম্বর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান। ১০টা ৩০ মিনিটে রঙিন বেলুন- শান্তির প্রতীক পায়রা উড়ানো, সাংস্কৃতিক মানুষদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আলোচনা, তথা দলের পথচলা ফিরে দেখার স্মৃতিচারণ। সকাল ১১টায় মঞ্চমেলা ১ম পর্ব যেখানে থাকবে ঢাকার সাংস্কৃতিক সংগঠনের অনূর্ধ্ব ১০ মিনিটের উপস্থাপন। দুপুর ১:১৫ টায় নামাজের বিরতি এবং তারপর মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুর ২টা ৩০ মিনিটে মঞ্চমেলা ২য় পর্ব যেখানে থাকবে ঢাকার সাংস্কৃতিক সংগঠনের অনূর্ধ্ব ১০ মিনিটের উপস্থাপনা। বিকাল ৪টা ৩০ মিনিটে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকবে নাটক, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান উপস্থাপন। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ থিয়েটারের নাটক “সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা”-এর ৪৮তম প্রদর্শনী।

প্রথম পর্বে অংশ গ্রহণকারী নাটকগুলো জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে। নাটকগুলো হলো- বাংলাদেশ থিয়েটারের সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা, থিয়েটার বেইলী রোডের বারামখানা, দেশ নাটকের নৃত্য পুরাণ, বহুবচনের অনিকেত সন্ধ্যা, নাটতীর্থের দ্বীপ, নান্দনিক নাট্য সম্প্রদায়ের নৃপতি, স্বপ্নদলের হরগজ, নাগরিক নাট্যাঙ্গনের দুই পাখি ও নন্দিনী, ঢাকা থিয়েটারের একটি লোকিক অথবা অলৌকিক স্টীমার, মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান, দৃষ্টিপাত নাট্য সংসদের কয়লা রঙের চাঁদর, নাট্যম রিপোর্টারির দমের মাদার। পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টা থেকে মূল হলের সামনে উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে নাটকের প্রদর্শনী। এছাড়াও ২০ নভেম্বর বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে সাম্প্রতিক নাট্যচর্চার আলোকে থাকছে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন।
উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ থিয়েটারের প্রাণপুরুষ, দলের সাধারণ সম্পাদক-অভিনেতা-নির্দেশক-নাট্যকার খন্দকার শাহ্ আলম বলেন, “আমাদের দল বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠিত হয় ১৪ নভেম্বর ১৯৮৬ সালে। আমাদের দলের স্লোগান নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র। আমরা এ পর্যন্ত ১২ এর অধিক মঞ্চনাটক ও ৬ পথনাটক করেছি। তার মধ্যে নক্সীকাঁথা, বিদ্যাসুন্দর, সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা, সী-মোরগ, এক্কা দোক্কা, আমি প্রভৃতি নাটক। উল্লেখযোগ্য বিষয় হলো ২০০৬ সালে আমার নির্দেশনায় পল্লীকবি জসীম উদদীনের নক্সী কাঁথার মাঠ অবলম্বনে নক্সী কাঁথা নাটকটি মিশরের আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে অত্যন্ত প্রশংসিত হয়েছিল, পরবর্তী সময়ে আমরা নক্সী কাঁথা নাটকটি দলের নিয়মিত প্রযোজনা হিসাবে মঞ্চে নিয়ে আসি। আমরা নাটক নিয়ে যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা তথা বিদেশে মঞ্চায়ন করেছি তেমনই সারা দেশে মঞ্চায়ন করেছি। অসংখ্য ফেস্টিভ্যাল যেমন করেছি তেমনি কর্মশালা-সেমিনারের আয়োজন করেছি। অভিনেতা হিসেবে আমার একক অভিনয়ের নাটক ‘আমি’ আমার দল নিয়মিত মঞ্চায়ন জারি রেখেছে। ফলে পিছনে ফিরে তাকালে দেখা যায় বাংলাদেশ থিয়েটার সর্বদা জীবন্ত ও বেগবান ছিলো, আছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও সে ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, একটা পুরস্কার কিংবা একটা অর্জন এক অর্থে সকলের মিলনমেলা। দীর্ঘ চল্লিশ বৎসরের পথচলায় নিয়মিত নাটক করে যাওয়া, নাটকের মানুষ- নাট্যানুরাগীদের একসাথে নিয়ে চলতে পারাটা একটা অর্জন। আমরা প্রায় ৩৫ বছর যাবত দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সবাইকে নিয়ে উৎসব আয়োজন করে আসছি। ফলে উৎসব আয়োজনে প্রধান লক্ষ্যই হলো সকলের অংশ গ্রহণে একটা মিলন মেলা গড়ে তোলার চেষ্টা। নাটক হবে, নাট্যানুরাগী দর্শক শ্রোতার মিলন মেলা হবে। ঢাকায় হবে,ঢাকার বাইরেও হবে। সে ভাবনা থেকে চার দশকে চল্লিশ নাটক নাট্যোৎসব। প্রথম পর্বে ঢাকায় ১২ দলের ১২ নাটক। এরপর চট্টগ্রাম, খুলনা, রংপুর বরিশাল তথা বিভাগীয় শহরগুলোতো এই উৎসব আয়োজন আরও বিস্তৃত হবে।”
পড়ুন : আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী জাইন আইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন ১৩ নভেম্বর


