নভেম্বরের সকালের হালকা কুয়াশা তখনো পুরোপুরি কাটেনি। কেন্দুয়া থেকে আঠারবাড়িগামী পাকা সড়কটিতে সবেমাত্র শুরু হয়েছে যানবাহনের আনাগোনা। দূর থেকে দেখলে মনে হবে আর দশটা স্বাভাবিক দিনের মতোই সাধারণ সকাল। এই শান্ত সড়কের আড়ালেই যে মাদকের একটি বড় চালান পাচারের ছক কষা হয়েছিল, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্থানীয়রা। তবে শেষ রক্ষা হয়নি মাদক কারবারিদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চৌকস অভিযানে ভেস্তে গেছে সেই পরিকল্পনা। সিএনজিচালিত অটোরিকশায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েছেন দুই আন্তঃজেলা মাদক কারবারি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, এদিন সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আজ
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তথ্য ছিল যে কেন্দুয়া-আঠারবাড়ি সড়ক ব্যবহার করে মাদকের বড় চালান পাচার হতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম খুব ভোরেই অবস্থান নেয় হরিনগর ফেনারগাতি এলাকার মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজ নামের দোকানের সামনের পাকা রাস্তায়। সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শুরু হয় সন্দেহভাজন যানবাহন তল্লাশি।
সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে সবুজ রঙের একটি সিএনজি চালিত অটোরিকশা চেকপোস্টের কাছাকাছি এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তির আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তল্লাশি দলের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে সিএনজিটি তল্লাশি করেই বেরিয়ে আসে থলের বিড়াল।
তল্লাশিকালে অটোরিকশার ভেতর থেকে অত্যন্ত যত্নসহকারে প্যাকিং করা ১৭টি পোটলা উদ্ধার করা হয়। আকাশি রঙের পলিথিনের ওপর খাঁকি রঙের স্কচটেপ দিয়ে কৌশলে মোড়ানো ছিল পোটলাগুলো, যাতে সহজে কারও সন্দেহ না হয় এবং গন্ধ বাইরে না ছড়ায়। একে একে ১৭টি পোটলা খুলে ওজন করে পাওয়া যায় ৩৪ কেজি গাঁজা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি ৩০ হাজার টাকা দরে জব্দকৃত ৩৪ কেজি গাঁজার অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চাবিযুক্ত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাটিও (যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা) জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ হাজার টাকা মূল্যের আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
আটককৃত দুই মাদক কারবারি ভিন্ন দুটি জেলার বাসিন্দা হলেও মাদক কারবারের অদৃশ্য সুতোয় তারা এক হয়ে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলী ও জুলেখা খাতুনের ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিন ও মোছা. কুলসুম খাতুনের ছেলে মো. শাহ আলম (৩২)। তারা দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা মাদক পাচার চক্রের সাথে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
সকালের সফল অভিযানের পর আটককৃত দুই কারবারি ও জব্দকৃত আলামতগুলো অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোকে এখন মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কারবারিরা। তবে আজকের তড়িৎ ও সফল অভিযানটি স্থানীয় মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এমন নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন : সার ডিলার নিয়োগে অনিয়ম, আবেদনকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া


