ঠাকুরগাঁওয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহাম্মদ সারাফাত হোসেনকে সভাপতি এবং মুফতি রাহাত ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুফতি একেএম আবদুজ জাহের আরেফী। বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন। দেশের অন্যান্য যুব সংগঠনের তুলনায় এ সংগঠনকে তিনি শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন।
এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে। সাধারণ মানুষ শান্তিতে আছে কি না, তা জানতে কেউ তাদের কাছে যাচ্ছে না। বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
পরে সম্মেলনে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ সারাফাত হোসেন, সহসভাপতি হিসেবে হাফেজ মুহাম্মদ সাহেদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি রাহাত ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
বিশেষ অতিথি হাফেজ ডা. মুহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, যুবসমাজকে ইসলামী শরিয়াহভিত্তিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণদের রক্ষা করাও তাঁদের অন্যতম লক্ষ্য।
বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের মুক্তি ও কল্যাণে কাজ করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ওবায়দুর রহমান। এ সময় জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে পাস্তা কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মালিককে জরিমানা


