চলন্ত গাড়িতে ভারী বস্তু নিক্ষেপ করে বিকট শব্দ সৃষ্টি। এরপর টায়ার ফেটে যাওয়ার আতঙ্কে চালক গাড়ি থামালেই ওত পেতে থাকা দুর্বৃত্তদের ছিনতাইয়ের চেষ্টা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন কৌশলে অপরাধ সংঘটনের আশঙ্কায় চালকদের সতর্ক করতে মাঠে নেমেছে মিরসরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন স্থানে যানবাহনের চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন পুলিশ সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
পুলিশের লিফলেটে চালকদের বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, চলন্ত গাড়িতে হঠাৎ বিকট শব্দ হলে আতঙ্কিত হয়ে নির্জন স্থানে গাড়ি থামানো যাবে না। একইভাবে অপরিচিত স্থানে রাস্তার ওপর পাথর, গাছের ডাল কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখলেও গাড়ি থামানো থেকে বিরত থাকতে হবে। অপরিচিত কেউ হাত দেখিয়ে গাড়ি থামানোর সংকেত দিলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া যাত্রা শুরুর পর গাড়ির দরজা-জানালা বন্ধ রাখা, যানজটে জানালার কাচ না নামানো এবং রাতে নির্জন স্থানে যাত্রাবিরতি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে জনবহুল ও আলোকিত রেস্তোরাঁ অথবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি গিয়ে গাড়ির অবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে।
লিফলেটে সড়ক নিরাপত্তার অন্যান্য বিষয়ও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার, গাড়ির কাগজপত্র হালনাগাদ রাখা এবং ঘুম কিংবা মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানো। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বানও জানানো হয়।
ওসি ফরিদা ইয়াসমিন জানান, বিকট শব্দ শুনে চালকেরা নির্জন স্থানে গাড়ি থামালে দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। এ ধরনের অপরাধ ঠেকাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।
তিনি চালকদের উদ্দেশে বলেন, গাড়িতে অস্বাভাবিক শব্দ হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে গাড়ির অবস্থা যাচাই করতে হবে। মহাসড়কে যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে জানাতে হবে।
পড়ুন : পটিয়ায় মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী-শিশুসহ আহত ১২


