ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে মসজিদ-মাদ্রাসার স্থায়ী আয়ের পথ

গ্রামীণ জনপদে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকার লড়াই নতুন কিছু নয়। বেশির ভাগ ক্ষেত্রেই মুসল্লিদের দান-অনুদান কিংবা মৌসুমি সাহায্যের ওপর নির্ভর করেই চলে মসজিদ ও মাদ্রাসার দৈনন্দিন কার্যক্রম। কিন্তু সরকারি সম্পদের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে যে একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তার অনন্য ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দূরদর্শী উদ্যোগ, ব্যক্তিগত হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতায় গাঁওকান্দিয়া বাজারের সরকারি পুকুরে বাণিজ্যিক মাছ চাষের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথে হাঁটছে ঐতিহ্যবাহী গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও সংলগ্ন মাদ্রাসা। সরকারি একটি জলাশয়কে জনকল্যাণে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের স্থায়ী আয়ের উৎসে রূপান্তর করার ব্যতিক্রমী উদ্যোগটি ইতিমধ্যেই গোটা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, গাঁওকান্দিয়া বাজারের সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে সাধারণ ইজারাদারদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। প্রায় এক বছর আগে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ও ধর্মীয় প্রতিষ্ঠান দুটির আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার বিশেষ নির্দেশনা ও প্রত্যক্ষ উদ্যোগে পুকুরটি পূর্বের ইজারাদারের কাছ থেকে মুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়।

শুধু এক বছরের জন্যই নয়, বরং প্রতিবছর যেন পুকুরটি গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনায় থাকে, সে বিষয়েও স্থায়ী কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই একটি সিদ্ধান্তই বদলে দিয়েছে দুটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অর্থনৈতিক চিত্র।

পুকুরটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্থানীয়দের। গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বাজার কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য রিয়াজ উদ্দিন আহমেদসহ স্থানীয় মুসল্লি ও দায়িত্বশীল ব্যক্তিদের নিবিড় তত্ত্বাবধানে পুকুরটিতে পরিকল্পিতভাবে বাণিজ্যিক মাছ চাষ শুরু হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিয়মিত পরিচর্যার ফলে মাত্র এক বছরের ব্যবধানেই পুকুরটি থেকে প্রত্যাশিত ফলন মেলে। সম্প্রতি পুকুরের মাছ বিক্রি করে মসজিদের তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এই পুকুরটি এখন আর কেবল মাছ চাষের একটি সাধারণ জলাশয় নয়; বরং এটি গাঁওকান্দিয়া বাজারের মসজিদ ও মাদ্রাসার অস্তিত্ব রক্ষা, দৈনন্দিন ব্যয় নির্বাহ এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রধান জিয়নকাঠি।

পুকুর থেকে অর্জিত আয়ের ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান দুর্গাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন। তিনি জানান, মূল পরিকল্পনা অনুযায়ী পুকুরের বার্ষিক আয় মসজিদ এবং মাদ্রাসা- উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমানুপাতিক হারে ভাগ করে দেওয়ার কথা রয়েছে। তবে চলতি বছর পুকুরের পাড় ভেঙে যাওয়াসহ বেশ কিছু জরুরি অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নকাজের প্রয়োজন দেখা দিয়েছে।

নুরুজ্জামান রিপন বলেন, ‍“পুকুরটির স্থায়িত্ব রক্ষা এবং মসজিদের কিছু জরুরি কাজের তাগিদে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের মাছ বিক্রির পুরো আয় মসজিদের উন্নয়ন ও পুকুর সংস্কারের কাজে ব্যয় করা হচ্ছে। তবে আগামী বছর থেকে পুকুরের অর্জিত লভ্যাংশ পূর্বপরিকল্পনা অনুযায়ী মসজিদ ও মাদ্রাসা- উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, পুকুরটির পাড় বাঁধাই ও সংস্কারকাজ সম্পন্ন হলে আগামীতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। আর এই ধারাবাহিকতা বজায় রাখা গেলে প্রতিবছর এখান থেকে যে আয় হবে, তা দিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন, মাদ্রাসার শিক্ষকদের সম্মানী, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যয় এবং অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত সচ্ছলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সরকারি একটি সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক পরনির্ভরশীলতা ঘোচানোর ঘটনায় গাঁওকান্দিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও মুসল্লিদের মধ্যে বইছে আনন্দের সুবাতাস। স্থানীয় প্রবীণ মুসল্লি থেকে শুরু করে তরুণ সমাজ- সবার কণ্ঠেই এখন সন্তুষ্টির সুর।

এলাকাবাসীর মতে, সরকারি সম্পদ অনেক সময় অবহেলায় পড়ে থাকে কিংবা ব্যক্তিবিশেষের পকেট ভারী করার কাজে ব্যবহৃত হয়। সেখানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এমন জনকল্যাণমুখী হস্তক্ষেপ স্থানীয় পর্যায়ে সুশাসন ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার অন্যান্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোও একইভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পাবে বলে তারা বিশ্বাস করেন।

এদিকে, গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসার জন্য এমন স্থায়ী আয়ের পথ সুগম করে দেওয়ায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। মসজিদ কমিটি, মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে তার মহৎ এই উদ্যোগ কবুল হওয়ার পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রতিষ্ঠান দুটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের পরিকল্পনা কী, ডিসেম্বরেই কি প্রত্যাবর্তন?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন