সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে : কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে। এ নগরীতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন। সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই নগরীর প্রতিটি নাগরিকের প্রতি এ প্রতিষ্ঠানের সমান দায়িত্ব রয়েছে। নাগরিক সেবা শুধু জন্ম ও মৃত্যুনিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সিটি করপোরেশনও এসব কার্যক্রমে সহযোগিতা করছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন পাশে থাকার চেষ্টা করবে।

বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।

কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।

সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক‌্টঠ্ পঞ্ঞা থের। অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
এ ছাড়া বক্তব্য দেন শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন