আসন্ন আড়াইহাজার উপজেলার দুপ্তরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে প্রচারণায় সরব হয়ে উঠেছেন হেভিওয়েট প্রার্থী, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব ও জনপ্রিয় নেতা মো. শহিদুল ইসলাম শহিদ।
সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করে প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দুপ্তরা ইউনিয়নের কালীবাজার, কুমারপাড়া এবং খানপাড়া এলাকায় দিনব্যাপী প্রচারণায় অংশ নেন শহিদুল ইসলাম শহিদ।
প্রচারকালে তিনি নেতাকর্মীদের নিয়ে কালীবাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন। শুধু বাজারেই নয়, সাধারণ মানুষের বাড়ি বাড়ি, অলিগলি ও পাড়া-মহল্লায় হেঁটে হেঁটে পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন এই জননেতা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁর এই গণসংযোগ একপর্যায়ে বিশাল মিছিলে রূপ নেয়। ইউনিয়নের প্রতিটি আনাচে-কানাচে শহিদুল ইসলাম শহিদের এমন ব্যাপক গণসংযোগের ফলে স্থানীয় নির্বাচনী মাঠ এখন বেশ চাঙ্গা ও উত্তপ্ত হয়ে উঠেছে।
পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো


