পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ভারত-সমর্থিত হিসেবে আখ্যায়িত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর অন্তত ২৪ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) পৃথক বিবৃতিতে এসব তথ্য জানায়। সংস্থাটির দাবি, বেলুচিস্তানে পরিচালিত অভিযানে আটজন এবং খাইবার পাখতুনখোয়ায় ১৬ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে ১৩ নভেম্বর থেকে একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় পরিচালিত অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আটজনকে হত্যা করা হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী।
এদিকে ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় সশস্ত্র সদস্যরা। এতে পাকিস্তান সেনাবাহিনীর মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাসের বাড়ি চাকওয়াল জেলায় এবং হাবিলদার মুহাম্মদ আদনান খানের বাড়ি কোটলি সাতিয়ান এলাকায়।
আইএসপিআর জানিয়েছে, হামলার পরও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সংস্থাটির ভাষ্য, এ ধরনের হামলা সেনাবাহিনীর মনোবল দুর্বল করতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি অভিযান চলবে।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশেও পৃথক ধারাবাহিক অভিযানে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১৬ জন সশস্ত্র সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
আইএসপিআরের দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি, দত্তা খেল ও আশপাশের এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তা বাহিনী।
সামরিক বাহিনীর দাবি, তীব্র গোলাগুলির পর আলি খেল এলাকায় গত ১২ ঘণ্টায় ১২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন আফগান নাগরিক। এ ছাড়া মির আলি ও দত্তা খেল এলাকায় আরও চারজনকে হত্যা করা হয়েছে। অভিযানে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর।
এসব সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি নিহত হন। ৪৩ বছর বয়সী আসমত আলির বাড়ি সোয়াবি জেলায় এবং ৩২ বছর বয়সী আফতাব আলির বাড়ি মারদান জেলায়।
আইএসপিআরের দাবি, নিহত সশস্ত্র সদস্যরা বেসামরিক নাগরিকদের হত্যা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সংশ্লিষ্ট এলাকাগুলোতে লুকিয়ে থাকা অন্য সদস্যদের শনাক্ত ও নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী আরও অভিযোগ করেছে, ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থার সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো ড্রোন, আইইডি ও আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। তাদের ভাষ্য, এসব তৎপরতার মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ এ সহিংসতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে এই দুই প্রদেশে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছেন। একই সময়ে খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক এই অভিযানগুলো পাকিস্তানের দুই অস্থিতিশীল প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টি আবারও সামনে এনেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:দূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
ইমি/


