গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলাও রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও সফিপুর শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় নাশকতার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
তবে এসব ঘটনায় আব্দুল আলীমের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল কালিয়াকৈর থানা পুলিশ।
পড়ুন : রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি


