৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিসিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।

বিসিক সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা আর্থিক সহায়তা পাবেন। বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানিয়েছেন, এ ঋণ কার্যক্রম নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

বিসিকের পরিকল্পনা অনুযায়ী, মোট ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। অন্যদিকে ২৭৬ জন নতুন উদ্যোক্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

এ ঋণ সুবিধার আওতায় নারী ও পুরুষ—উভয় শ্রেণির উদ্যোক্তারা থাকছেন। মোট সুবিধাভোগীর মধ্যে ২৩২ জন নারী এবং ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। আর পুরুষ উদ্যোক্তারা পাবেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর ফলে ক্ষুদ্র শিল্প খাতে নারীদের অংশগ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে বলে আশা করছে বিসিক।

আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের পরিকল্পনায় সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে ঢাকা অঞ্চলের জন্য। এ অঞ্চলের ১৮১ জন উদ্যোক্তাকে দেওয়া হবে ৪ কোটি ৭৯ লাখ টাকা।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের ৮৯ জন উদ্যোক্তা পাবেন ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। রাজশাহী অঞ্চলের ১১৮ জন উদ্যোক্তার জন্য বরাদ্দ রয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। অন্যদিকে খুলনা অঞ্চলের ১২৩ জন উদ্যোক্তার মধ্যে বিতরণ করা হবে ৩ কোটি ৭৩ লাখ টাকা।

চারটি অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে এ অর্থ বিতরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যেসব উদ্যোক্তা অর্থের অভাবে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ শুরু করতে পারছেন না, তাঁরা এ ঋণ কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন।

বিসিকের এ ঋণ কার্যক্রমের আওতায় মোট ১৪টি শিল্প খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে খাদ্য ও খাদ্যজাত পণ্য, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত পণ্য, বন ও বনজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রনিকস এবং সেবাসহ অন্যান্য শিল্প খাত।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী, খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন উদ্যোক্তা এ ঋণ সুবিধা পাবেন। অন্যদিকে বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে। বাকি উদ্যোক্তারা অন্যান্য অন্তর্ভুক্ত শিল্প খাতে এ সুবিধার আওতায় আসবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উৎপাদনমুখী এসব শিল্পে অর্থায়ন বাড়লে স্থানীয় কাঁচামালের ব্যবহার, পণ্য উৎপাদন এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের শিল্প খাতের ভিত্তি আরও শক্তিশালী হতে পারে।

বিসিক বর্তমানে নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ মোট তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে।

এসব কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ সময়ের মধ্যে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি শিল্পনগরীর ভেতরে ও বাইরে থাকা উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বিসিকের। এ ছাড়া রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা প্রকাশ করেছেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা আর্থিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবেন।

দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বাড়াতে সহজ শর্তে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতে বিনিয়োগ ও ঋণ সহায়তা বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দারিদ্র্য হ্রাস, আত্মকর্মসংস্থান এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। বিসিকের চলমান ও পরিকল্পিত ঋণ কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন:পোশাক শিল্প: মজুরি বোর্ডের বৈঠক আবারও বসবে আজ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন