ঈশ্বরদীতে পদ্মারপাড়ের অবৈধভাবে মাটি কাটার সময় স্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ইটভাটার মৌসুম শুরু হতেই রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা নদীর পাড়ের মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডার এমপি মোড় সংলগ্ন পদ্মা নদীর কালীতলা শ্মশানঘাটে অভিযান চালিয়ে যানবাহন দুটি জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে স্কেভেটর ও ড্রাম ট্রাকের চালকসহ মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ কারণে জব্দ করা যানবাহন দুটি থানায় আনা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার মৌসুম শুরু হওয়ায় বিএনপি, বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী ও জামায়াতে ইসলামীর স্থানীয় ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের একাংশের সঙ্গে আঁতাত করে মাটি কাটছেন। তাদের দাবি, এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মাদ শোয়াইব ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির নাম রয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী, উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট এলাকা এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কালীতলা শ্মশানঘাট, নবীনগর, কৈকুন্ডা, বিলকেদা ও কামালপুর এলাকার অন্তত ২৫টি স্থানে পদ্মা নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, ঘটনার সময় মাটি কাটার সঙ্গে জড়িতরা লক্ষ্মীকুন্ডার এমপি মোড় সংলগ্ন কালীতলা শ্মশানঘাট এলাকায় নদীর পাড় থেকে মাটি কাটা শুরু করে। বিষয়টি সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন, এসআই মো. আব্দুল লতিফ ও এসআই মো. আব্দুল আজিজসহ কয়েকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পুলিশ সদস্য অংশ নেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশের একটি দল কালীতলা শ্মশানঘাটে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িতরা মাটি কাটার স্কেভেটর ও মাটি পরিবহনের জন্য আনা একটি ড্রাম ট্রাক রেখে পালিয়ে যায়। জব্দ করা যানবাহন দুটি তাৎক্ষণিকভাবে থানায় আনা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন