গুম-খুন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, জনগণ তা কখনোই সফল হতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর এ দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কোনো দিন পূরণ হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তারা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।

ইউট্যাবের নেতৃদ্বয় আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন