টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। সোমবার তিনি টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।
কারাবন্দি চার সাংবাদিক হলেন, এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ মামুন হায়দার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ, মোঃ বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন খায়রুল আলম রফিক। তিনি গ্রেপ্তার সাংবাদিকদের আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পরে প্রতিনিধি দলটি টাঙ্গাইল স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তি এবং তাঁদের আইনি সহায়তা নিশ্চিত করতে পরবর্তী কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।
এর আগে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় গ্রেপ্তার চার সাংবাদিকের বিষয়ে সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানকে প্রত্যাহারের দাবিও জানান সংগঠনের নেতারা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারকৃত ৪ সাংবাদিকের আগামী ১৯ তারিখের মধ্যে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ দাবিতে টাঙ্গাইলের সাংবাদিকদের পাশাপাশি সারা দেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলে সংগঠনটি তাঁদের পাশে দাঁড়াবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করবে।
এর আগে শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদি হয়ে এ মামলা দায়ের করেন৷ মামলার পর ওদিন দুপুরে সাংবাদিকদের হাতকড়া পড়িয়ে আদালতে পেরণ করে পুলিশ। এদিকে মামলা বাদি বিএনপির নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পড়ুন : ঝিনাইদহ নূর তাজ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা


