সারাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্যের বক্তব্য
সমাবেশে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “দেশের কয়েকটি জেলায় নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।”

তিনি বলেন, “বিগত ১৭ বছরে দেশে মামলা, হামলা, খুন ও গুমের মতো ঘটনা ঘটেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এভাবে নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক নির্বাচন ও উন্নয়নের নামে দুর্নীতির সংস্কৃতি চালু করা হয়েছিল।”

“আমরা যে যে রাজনৈতিক মতাদর্শের অনুসারীই হই না কেন, প্রত্যেককে নিজ নিজ বিবেক দিয়ে পরিচালিত হতে হবে এবং দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে।”

“২০২৫ সালে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে এখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং স্বাভাবিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চলছে।”

‘সবার আগে বাংলাদেশ’

উপাচার্য আরও বলেন, “আমাদের নিজেদের, পরিবার ও সর্বোপরি দেশকে ভালোবাসতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের ঘোষিত মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। এখানে কোনো দল বা গোষ্ঠীর স্বার্থের কথা বলা হয়নি; বরং দল-মতনির্বিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।”

“তাই সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আর পিছিয়ে যেতে চাই না; উন্নয়ন, গণতন্ত্র ও মানবতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।”

সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, “সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে কারও মধ্যে ভয় বা সংশয় থাকা উচিত নয়। যারা আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাঁরা সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এ জন্য গর্বিত হওয়া উচিত, ভীত হওয়ার কোনো কারণ নেই।”

বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, “শুধু প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; একই সঙ্গে আড়ালে ষড়যন্ত্রমূলক বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে।”

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : একই জমি দুজনের কাছে বিক্রি, জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে উত্তেজনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন