পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই। ব্র্যান্ডের প্রচার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে অপুর বক্তব্যের সমালোচনা করেন পরীমনি। একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষপূর্ণ শব্দ ব্যবহার করে পোস্ট দেন তিনি। পরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির সেই পোস্টের জবাব দেন অপু বিশ্বাস। পাল্টাপাল্টি বক্তব্যে দুই অভিনেত্রীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।

বিজ্ঞাপন

ঘটনার শুরু ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। অপু তার বক্তব্যে বলেন, কোনো পণ্যের প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি আলাদা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও পরিচয়ের সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। নিজের পোস্টে প্রথমে অপু বিশ্বাসকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। অপুর মন্তব্য উদ্ধৃত করে লাইভে কোনো পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির কারণ জানতে চান পরীমনি।

তবে পরবর্তী সময়ে পরীমনির পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষের দিকে মোড় নেয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করে কটাক্ষ করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন এই অভিনেত্রী। তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দেয়।

এদিকে পরীমনির পোস্ট নিয়ে নীরব থাকেননি অপু বিশ্বাসও। গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হলে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় পরীমনির বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তার অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে মন্তব্য করেন অপু।

অপু বিশ্বাস দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ হয়েছে এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। এরপর নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এ বক্তব্যের মাধ্যমে দুই অভিনেত্রীর বিরোধ ব্যক্তিগত পর্যায়ে আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে পরীমনির যোগ্যতা ও সিনেমার সাফল্য নিয়ে অপুর মন্তব্য বিনোদন অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু বিশ্বাস। তিনি জানান, ফেসবুকে খুব একটা নিয়মিত নন। পরিচিত মানুষ কিংবা পারিবারিক বন্ধুদের কোনো পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করলেও তাকে ঘিরে অন্যদের বিভিন্ন পোস্ট দেওয়ার বিষয়টি তার নজরে আসে।

তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন অপু। তার ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ অর্থাৎ তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করে কেউ কেউ নিজেদের প্রচারের সুযোগ নিতে চান বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।

তবে অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে এ ধরনের মতবিরোধ এবারই প্রথম নয়। এর আগেও রাজনৈতিক অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে দুই অভিনেত্রীকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। ওই ঘটনার পর পরীমনির একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন পরীমনি। যদিও সেই পোস্টে তিনি সরাসরি অপুর নাম উল্লেখ করেননি, তবে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা হয়।

এবারও সরাসরি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে শুরু হওয়া বিতর্ক ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা বক্তব্যে নতুন রূপ নিয়েছে। একজনের বক্তব্যের প্রতিক্রিয়ায় অন্যজনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে দেওয়া মন্তব্য নিয়ে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যেও আলোচনা চলছে।

ঢালিউডে দীর্ঘদিন ধরেই নিজেদের অভিনয়, সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস ও পরীমনি। তবে ব্র্যান্ডের প্রচার নিয়ে শুরু হওয়া এবারের বিতর্ক শেষ পর্যন্ত দুই অভিনেত্রীর ব্যক্তিগত অবস্থান, জনপ্রিয়তা ও চলচ্চিত্রের সাফল্যের প্রশ্নে গড়িয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা কত দূর গড়ায়, সেটিই দেখার বিষয়।

পড়ুন:চলে গেলেন বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন