নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোল সীমান্তে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও সদস্য নাজমুল হাসান বাবুল। এছাড়া শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মদদপুষ্টরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করা হবে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


