ঢাকার পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা হলে রাজপথেই জবাব: স্বেচ্ছাসেবক দল নেতা অভি

ঢাকা জেলার কোথাও অবৈধ কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে রাজপথে তার মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেলে ধামরাই যাত্রাবাড়ী প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ধামরাই বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে নাজমুল হাসান অভি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থানে থাকলে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কিন্তু অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা জেলার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বসে থাকবেন না। যেকোনো অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করছে।

শেখ হাসিনার সমালোচনা করে অভি বলেন, নিজের দলের নেতাকর্মীদের বিপদের মুখে রেখে দেশত্যাগ করেছেন তিনি। তাই তাঁর জন্য নিজেদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে না ফেলে পরিবার-পরিজনের কথা চিন্তা করা উচিত। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজেদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা দীর্ঘদিন রাজপথে ছিলেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা তাদের রয়েছে। তবে কাউকে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরিতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের আহ্বান জানান। দেশে সবার জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা গেলে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্যসচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ ও সদস্যসচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পড়ুন :হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন