রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে নিয়মিত নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৭ বলা হলেও পরে মন্ত্রণালয় তা সংশোধন করে ১৯ জন নিশ্চিত করে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ‘আন্তোনভ এএন-১২’ মডেলের এবং এটি কেমেরোভো অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় বিধ্বস্ত হয়।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেডিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে দক্ষিণে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এর আগে টেলিগ্রামে দুর্ঘটনার খবর জানিয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন এবং পরে এক ভিডিও বার্তায় জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশসীমা অতিক্রম করছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমানটিতে প্রথমে আগুন ধরে যায়, এরপর এটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নিরাপত্তা ক্যামেরার (সিসিটিভি) ফুটেজেও বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দূর আকাশ থেকে একটি জ্বলন্ত বস্তু নিচে নেমে আসার পর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠার দৃশ্য ফুটেজে দেখা যায়। তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় বিমানটির আকৃতি স্পষ্ট বোঝা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। পাশাপাশি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে দৃশ্যের মিল দেখে রয়টার্স দুর্ঘটনাস্থলের অবস্থানও নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যাওয়া এবং হাইড্রোলিক সিস্টেম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়াকেই কেমেরোভোতে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত দল, ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ এবং রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ কাজ করছে।
দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গভর্নর সেরেডিউক জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে এবং বর্তমানে তদন্তকারীদের তাদের কাজ সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করাই প্রধান অগ্রাধিকার। গভর্নরের প্রকাশিত ঘটনাস্থলের একটি ভিডিওতে বিমানটির ধ্বংসাবশেষের আশপাশে দমকলকর্মীদের তল্লাশি চালাতে এবং কাছাকাছি কয়েকটি অ্যাম্বুলেন্স অবস্থান করতে দেখা গেছে।
বিধ্বস্ত বিমানটিতে কোনো ধরনের পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য; সেনাসদস্য ও অস্ত্র পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা
সা/


