ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারিকৃত নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিটগুলো হচ্ছে—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।

এবার চারটি ইউনিটের ভর্তি আবেদনের ফি বাড়ানো হয়েছে। গতবারের ফি বজায় রয়েছে শুধু আইবিএ ইউনিটে। বাকি চার ইউনিটে—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ও ‘চারুকলা ইউনিট’—১৫০ টাকা করে আবেদন ফি বাড়ানো হয়েছে।

এদিকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় বিভিন্ন বিভাগে ভর্তিতে শর্ত শিথিলের এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এবার বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। অপর দিকে চারুকলা ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। আর আইবিএ ইনস্টিটিউটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত রেখে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন বলে জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন