সাংবাদিকতা কেবল খবর পরিবেশন নয়, বরং সমাজের দর্পণ হিসেবে কাজ করে। আর সেই দর্পণে যখন ঐক্যের প্রতিফলন ঘটে, তখন সমাজ ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কেন্দুয়া যেন সেই সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হলো।
অতীতের সব মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও ভেদাভেদ ভুলে নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে বরণ করে নিল কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব। শুধু বরণ করা নয়, এদিন নেত্রকোনার এই জনপদের সাধারণ মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় কলমসৈনিকরা।
মঙ্গলবার রাত তখন প্রায় ৯টা। কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া-নেত্রকোনা সড়কে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে তৈরি হয় উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ। কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. সেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হাসান ভূইয়াসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় মুহূর্তেই রূপ নেয় সাংবাদিকদের এক মিলনমেলায়।
শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত, তবে তাৎপর্যপূর্ণ আলোচনা সভার। আধুনিক সাংবাদিকতার প্রেক্ষাপটে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের কোনো বিকল্প নেই- এমন সুরই ধ্বনিত হয় আলোচনায়। উপস্থিত সাংবাদিকরা একমত হন, ব্যক্তিগত বা সাংগঠনিক মতভেদকে পেছনে ফেলে এখন সময় এসেছে কেন্দুয়ার মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার।
নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. সেকুল ইসলাম খান তার বক্তব্যে ঐক্যের ডাক দিয়ে এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক বার্তা দেন। তিনি বলেন, “অতীতের সব ভেদাভেদ ও ভুলবোঝাবুঝি পেছনে ফেলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমাদের কলম চলুক কেন্দুয়ার আর্থ-সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে।”
তিনি সকল সাংবাদিকের প্রতি উদার আহ্বান জানিয়ে বলেন, “কেন্দুয়া প্রেসক্লাবের দুয়ার সবার জন্য উন্মুক্ত। এখানে সব সাংবাদিক আসতে পারেন। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের আরও সংগঠিত করি এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করি।”
অনুষ্ঠানে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হাসান ভূইয়া পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কেন্দুয়া প্রেসক্লাবের দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের প্রশংসা করে বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কেন্দুয়া প্রেসক্লাব অভিভাবকতুল্য একটি সংগঠন। সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখা একান্ত প্রয়োজন।”
দীর্ঘ তিন দশকের সাংবাদিকতার অভিজ্ঞতায় দেখেছি, সংবাদকর্মীদের মধ্যে যখন ঐক্যের সুর বাজে, তখন সমাজের প্রতিটি শ্রেণির মানুষ তার সুফল পায়। মঙ্গলবারের আয়োজন নিছক কোনো আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল কেন্দুয়ার সাংবাদিকতার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। কৃষক, শ্রমিক থেকে শুরু করে শিক্ষক কিংবা ব্যবসায়ী- সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায়ে এবং কেন্দুয়ার সামগ্রিক উন্নয়নে ‘ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ’ আগামী দিনে আরও জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সুধীজনের।
পড়ুন : দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি


