চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম-পদস্থ সদস্য এবং শি জিনপিং-এর চিফ অফ স্টাফ কাই চি।
ভ্লাদিমির পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি অ্যাপেক সফর নয়।
এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক-এর পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে সর্বপ্রথম বৈঠক।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার জন্যই পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।
অন্যদিকে, ট্রাম্পও অক্টোবরে বলেছিলেন যে, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।
এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের কাছে ইঙ্গিত দিয়েছিলেন যে, নেতারা “অনেক বিষয় নিয়ে কথা বলবেন”। তিনি তখন বলেছিলেন, “আমরা ইরানের যুদ্ধ শেষ করার চেষ্টা করছি।”
বৈঠকটির আলোচ্যসূচি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি চীন। কিন্তু এই নীরবতাই বৈঠকটিকে ঘিরে রহস্য আর জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
পড়ুন : মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান


