বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

শীতের আমেজ শুরু হতেই রাজধানীর বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের রেকর্ডে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সকাল ৭টা থেকে ৮টা সময়সীমায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৩১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বা খুব অস্বাস্থ্যকর পর্যায়ের নির্দেশক।

বিজ্ঞাপন

রিয়েল-টাইম স্টেশন র‍্যাংকিং অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণি এলাকায় সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে; ওই এলাকার স্কোর ২৭২। তালিকায় থাকা অন্য এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।

বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৬৯ এবং বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯০, চতুর্থ স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৭ এবং পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৮২। শীর্ষ দশের বাকি শহরগুলোর মধ্যে কঙ্গোর কিনশাসা ১৭৭, বাহরাইনের মানামা ১৭২, মিশরের কায়রো ১৭১, নেপালের কাঠমান্ডু ১৬৭ এবং ভারতের কলকাতা ১৬৫ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায় এবং দূষণের মাত্রা বাড়ে। একিউআই মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো বা বিশুদ্ধ, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর (শিশু ও বয়স্ক) জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর বা সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়। সংস্থার ভাষ্য অনুযায়ী, বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা (পিএম২.৫) ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে; দীর্ঘমেয়াদি দূষণে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকেন।

এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টে ভোগা সংবেদনশীল ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়াই ভালো। সুস্থ ব্যক্তিদের বাইরে থাকার সময় কমিয়ে আনা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলার পরামর্শ রয়েছে। বাইরে বের হতে হলে দূষণ রোধে কার্যকর মাস্ক পরা এবং ঘরের ভেতর দরজা-জানালা বন্ধ রেখে এয়ার পিউরিফায়ার ব্যবহার করার কথা বলা হয়েছে।

পড়ুন : চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন