মুন্সিগঞ্জে তরুন উদ্যোক্তাদের স্বপ্নপূরণে নতুন সুযোগ তৈরি করে দিতে এবং বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” কর্মসূচিকে এগিয়ে নিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে ওই সেমিনারের আয়োজন করে সিটি ব্যাংক।
দুই ঘন্টাব্যাপী সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির লক্ষ্য, কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত তরুন উদ্যোক্তাদের জানানো হয়।
সেমিনারে জানানো হয় কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।
ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য। পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএস্পিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান।
এ সময় সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।
পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার


