মেহেরপুরের মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস।
বৃহস্পতিবার মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। মাইকিং ও প্রচারণার মাধ্যমে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রচার কার্যক্রমে বলা হয়, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাল মাসুদসহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : ঢাকার বসুন্ধরা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেফতার


