ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী ও সামুদ্র উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত ১৮টি বাণিজ্যিক জাহাজের মধ্যে ৮টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, সকাল থেকে টানা বৃষ্টির কারণে মোংলার দিনমজুর ও শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই মোংলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টির কারণে বন্দরের জেটি ও চ্যানেলে পণ্য খালাস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক শত বন্দর শ্রমিক। পাশাপাশি ভ্যানচালক, ইজিবাইক চালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরেরা বৃষ্টির কারণে কাজে বের হতে না পেরে চরম বিপাকে পড়েছেন। বৈরী আবহাওয়ায় মোংলার হাটবাজার ও রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সতর্কসংকেত জারির পরপরই মোংলা উপজেলা প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার ১০৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলীয় ও নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বার্তা পাঠানো হচ্ছে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা পরিষদে একটি কন্ট্রোল রুম খোলা এবং মেডিকেল টিম‌ গঠনের প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি এবং মোংলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল (মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী এলাকা) অতিক্রম করতে পারে। এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে নিরাপদে থেকে মাছ ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে ১৮টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে সার ও খাদ্যশস্যবাহী ৮টি জাহাজে বৃষ্টির কারণে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ভিজে গেলে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় জাহাজগুলোর হ্যাচ (গুদামঘর) ঢেকে রাখা হয়েছে। তবে বাকি ১০টি জাহাজে অন্যান্য পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম‌ অব্যাহত রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে বা সতর্কসংকেত বাড়লে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কন্ট্রোল রুম থেকে পরবর্তী জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন