সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ন্যায্য বেতন কাঠামো, চাকরি স্থায়ীকরণ, চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা প্রদান এবং বিক্রয় পেশাজীবীরা কোন মন্ত্রণালয়ের অধীনে তা নির্ধারণসহ বাস্তবমুখী আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সঙ্গে একযোগে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, গাইবান্ধা জেলা’ শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আরমান হক রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ আনছারীর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত বিপুলসংখ্যক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে, এমনকি করোনাকালীন দুর্যোগের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তাঁরা। অথচ দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত কর্মীরা ন্যায্য অধিকার, আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

​সভাপতির বক্তব্যে গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আরমান হক রাজিব বলেন, বিক্রয় প্রতিনিধিদের জীবনমান উন্নয়নে ন্যূনতম ২৫ হাজার টাকা মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিরা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন, তা দ্রুত নির্ধারণ করতে হবে। দাবিগুলো বাস্তবায়নে টালবাহানা করা হলে সারাদেশের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

​সাধারণ সম্পাদক শরিফ আনছারী বলেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করেন। অথচ দিন শেষে তাঁদের পরিবারকে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হয়। ন্যায্য বেতন, বোনাস, চিকিৎসা ও আবাসন সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা অমানবিক। তিনি বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন, ৬ হাজার টাকা বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান।

​মানববন্ধনে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনারুল ইসলাম, সহ-সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. বাধন এবং জেলা দপ্তর সম্পাদক মো. মজমুল ইসলাম নাজমুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন