দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে : সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। কাজেই জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।

এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন