দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স, যেখান থেকে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয় এবং সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়।
দানবাক্সে জমা পড়া টাকা বস্তায় ভরে দ্বিতীয় তলায় নেওয়ার পর দিনব্যাপী গণনার কাজ চলছে। এই বিশাল কর্মযজ্ঞে পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা গণনার কাজে যুক্ত রয়েছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এতে অংশ নিচ্ছেন।
সাধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর তা খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা করে এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছিল। এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল; তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, মানত করলে মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাসে দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এখানে মানত করতে আসেন। দানবাক্সে সংগৃহীত অর্থ সাধারণত কমিটি, জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের পরামর্শে বিভিন্ন মসজিদে দান-খয়রাত, মাদরাসার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


