ঢাকার ধামরাই সদর ভূমি অফিসের একটি পুরোনো পরিত্যক্ত ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সামনের অংশে অবস্থিত ভবনটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় গাছপালা জন্মেছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি পিলার ও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এতে একদিকে যেমন ভবনটি মাদকসেবীদের আড্ডার নিরাপদ স্থানে পরিণত হয়েছে, অন্যদিকে তেমনি তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে মাদকসেবী ও বখাটেদের অবাধ যাতায়াত বেড়েছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও ভবনের ভেতরে মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। এতে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভবনটির ছাদ, দেয়াল ও পিলারের বিভিন্ন অংশে ফাটল ধরে বড় বড় গাছপালা জন্মেছে। গাছের শিকড় ভবনের কাঠামোর ক্ষতি করছে। দীর্ঘদিন সংস্কার বা অপসারণ না করায় ভবনটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেকোনো সময় ভবনের কোনো অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় আশপাশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভবনটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এ বিষয়ে ভূমি অফিসের সামনে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনাকারী স্থানীয় ব্যবসায়ী রামগোপাল সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আওতাধীন ভবন এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এবং সেখানে মাদকসেবীদের আড্ডা গড়ে ওঠা অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত ভবনটি ভেঙে ফেলা অথবা সংস্কার করে যথাযথ ব্যবহারের উপযোগী করার দাবি জানান।
স্থানীয় এক গৃহবধূ স্বপ্না রানী জানান, এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এখানে সারাদিন অনেক মানুষজন চলাফেরা করে। এখানকার বাচ্চারাও এই রাস্তায় খেলাধুলা করে থাকে। ভবনটি সংস্কার করে ভালো একটি কাজে ব্যবহার করা অতিপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তা না হলে কবে কখন কোন দূর্ঘটনা ঘটে যায় তা বলা যায় না। এছাড়াও শুনছি এখানে মাদকসেবিদের আড্ডা খানা বসানো হয়। রাস্তার সাথে এই ভবনে মাদকসেবিদের আড্ডা। কখন আবার পথচারীদের উপর হামলা বা ছিনতাই করে বসে তারা তার ঠিক নাই। ভবনটি সংস্কার না করলেও সরকারের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ থাকবে এখানে যেনো মাদকসেবিদের আড্ডা টা অন্তত বন্ধ করে দেয়। তাহলে স্থানীয় সকলেই শান্তিতে বসবস করতে পারবে।
এদিকে, পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, ‘পুরোনো এই ভবনের পেছনে মূল ভূমি অফিসের নতুন ভবনটি স্থানান্তর করা হয়েছে। সে কারণে সামনের ভবনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরকারি জায়গা রক্ষার স্বার্থে এখনো ভবনটি রাখা হয়েছে। খুব শিগগিরই এটি ভেঙে সংস্কার করা হবে। বাজেট বরাদ্দ পেলেই প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে। আর ভবনে মাদকের আড্ডা বন্ধ করতে আজই অভিযান পরিচালনা করা হবে।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


