দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে অবশেষে স্বস্তির প্রত্যাশা তৈরি হয়েছে ঢাকার ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ওয়ার্ডটির একাংশে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০ ফুট প্রশস্ত ও ১৫০ ফুট দৈর্ঘ্যের সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরেই ছিল বেহাল। ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী এ সড়কটি স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতে বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে পোহাতে হতো চরম দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হতো। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতেও সমস্যা দেখা দিত। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা ছিল এলাকাবাসীর মধ্যে।
অবশেষে সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করছেন তারা।
রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ধামরাই পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রোমান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
উদ্বোধনের আগে নির্মাণকাজের সফলতা এবং এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ড্রেনের কাজ শেষ করা হলে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হবে।
এলাকাবাসীর দাবি, শুধু কাজের উদ্বোধন নয়, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত নির্মাণকাজ শেষ করে দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা
সা/


