২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এবং ভোরের আগে সেহরি গ্রহণ করেন। পবিত্র এ মাসে ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। তবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।
৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদ উদ্যাপিত হবে।
ইসলামের অন্যতম পবিত্র দিন আরাফাত দিবসের পর শুরু হয় ঈদুল আজহা। ২০২৭ সালের ১৫ থেকে ১৮ মে’র মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে দিনগুলোর চূড়ান্ত তারিখ।
পড়ুন : আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি বলে প্রতিক্রিয়া মিয়ানমারের


