গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটাসংলগ্ন নির্মাণাধীন আধা-পাকা ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম) ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো উদ্ধার করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেল ও পেট্রলবোমাগুলো নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।
পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর
সা/


