কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির হাজারো নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর থেকে রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু নেতাকর্মী আবারও নাশকতার পথ বেছে নিয়েছে। তারা শেখ হাসিনার দেশে ফেরা এবং পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে একবার যারা জনগণকে ছেড়ে পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে ফিরে আসতে পারে না।
শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। গুম, খুন ও নির্যাতন উপেক্ষা করেও রাজপথ ছাড়েনি। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন নতুন করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক বিশৃঙ্খলার মাধ্যমে বিএনপিকে সংঘাতের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি। কোনো রক্তপাত ঘটায়নি। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে যাওয়া মোংলার কিছু ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে বিগত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কেউ যদি বিএনপির পরিচয় ব্যবহার করে তাদের সহযোগিতা করে, তাদেরও ছাড় দেওয়া হবে না। দলের মধ্যে থাকা সুবিধাবাদী, দালাল, ধান্ধাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন। কারও এক কাপ চা-ও খান না। পেট ভরার রাজনীতি নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করতে চান। শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে তিনি বিশ্বাসী।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মোংলা উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বৃষ্টিতে ভিজে তাদের এই বিক্ষোভে পুরো কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


