বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হচ্ছেন চপল, ৩০ নভেম্বর আরচ্যারী ফেডারেশনের নির্বাচন

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। জাতীয় ক্রীড়া পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত দিনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি পদে চপল ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর আরচ্যারী ফেডারেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ২৬ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। মোট ৬২ জন কাউন্সিলর বা ভোটারের এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২৯টি পদের বিপরীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের সার্বিক তথ্য অনুযায়ী, সভাপতি পদে ১ জন প্রার্থীর পাশাপাশি সহ-সভাপতির ৫টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একক সাধারণ সম্পাদক পদের জন্য লড়াইয়ে নেমেছেন ৩ জন প্রার্থী। দুটি যুগ্ম সম্পাদক পদের জন্য ৩ জন এবং একটি কোষাধ্যক্ষ পদের বিপরীতে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৯টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি জানান, আরচ্যারী একটি অত্যন্ত সুশৃঙ্খল সংস্থা এবং তারা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) চার্টার ও ইন্টারন্যাশনাল ফেডারেশনের বিধিমালা উল্লেখ করে চপল বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল চাহিদা হলো তাদের অধিভুক্ত জাতীয় ফেডারেশনগুলোকে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এডহক কমিটি গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। সেই ধারাবাহিকতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নির্বাচনের পথে ধাবিত হয়েছি।’

এডহক কমিটির সভাপতি থেকে নির্বাচিত পদে আসার বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এডহক কমিটি সরকার নিয়োগ দিয়েছিল, কিন্তু নির্বাচিত হয়ে কাজ করার মধ্যে একটা বড় ভিন্নতা রয়েছে। নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট সহ কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব ও জবাবদিহিতা অনেক গুণ বেড়ে যায়। আমরা সবাই নিজ ইচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিয়েছি, তাই এখন আর দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচনে প্যানেল ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল স্পষ্ট জানান, আন্তর্জাতিক বিধান অনুযায়ী খেলাধুলায় কোনো প্যানেল, রাজনীতি বা পক্ষপাতের স্থান নেই। ভবিষ্যৎ লক্ষ্য ও রূপরেখা তুলে ধরে চপল জানান, বাংলাদেশ আরচ্যারী দলকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের সারিতে নিয়ে আসাই তার প্রধান স্বপ্ন। এই লক্ষ্য অর্জনে একটি সুনির্দিষ্ট ৭ বছরের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা সরকারের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার আওতায় কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং খেলোয়াড়দের সুসংগঠিত সুযোগ-সুবিধা দেওয়া হবে। আলাদা কোনো নির্বাচন ইশতেহারের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, এই ৭ বছরের মহাপরিকল্পনাই তাদের প্রধান ইশতেহার।

প্রভাবমুক্ত নির্বাচন প্রসঙ্গে চপল পুনর্ব্যক্ত করেন যে, নির্বাচনে কারো ওপর কোনো হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করা হয়নি। প্রার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও নিজ আগ্রহে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বস্তরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতি অনুসরণ করাই তাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন : দ্বাদশ বিপিএলে ফিক্সিং: ৭ জনের দায় স্বীকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন