গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে দক্ষিণ উদাখালী গ্রামের (সরদারপাড়া) প্রবাসী সবুজ মণ্ডলের ছেলে সাদিক মণ্ডল (৭) নিজ বাড়িতে মারা যায়। সে সময় পরিবারের পক্ষ থেকে কোনো ময়নাতদন্ত ছাড়াই তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে শিশুটির মৃত্যু নিয়ে পরবর্তী সময়ে এলাকায় সন্দেহ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন অভিযোগ এনে আদালতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ও স্থানীয় ইউপি সদস্য খাজা মিয়া বলেন, ‘গত রমজান মাসে আমার ভাতিজা সাদিক মারা যায়। তাকে কে বা কারা হত্যা করেছে বলে আমাদের সন্দেহ। ন্যায়বিচারের স্বার্থে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, আদালতে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারক দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করে শিশুটির মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে কবর থেকে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসরাকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


