নিউইয়র্কে ড. জীবন বিশ্বাসের সংগীত সন্ধ্যায় কমল দাশগুপ্তের সুরের পুনরাবিষ্কার

প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘জীবনের জলসাঘরে—২’। বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের প্রখ্যাত সুরস্রষ্টা ও সংগীত পরিচালক কমল দাশগুপ্তের স্মৃতির উদ্দেশে নিবেদিত এই একক সংগীতসন্ধ্যায় তাঁর সুরারোপিত ২০টি নির্বাচিত গান পরিবেশন করেন ড. জীবন বিশ্বাস। গত শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ছয়টায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের (জেপ্যাক) মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে পরিচিত হয়ে ওঠা কমল দাশগুপ্তের কালজয়ী সৃষ্টিগুলো আবারও শ্রোতাদের সামনে ফিরে আসে। জগন্ময় মিত্র, যূথিকা রায়, কানন দেবী, হেমন্ত মুখোপাধ্যায়, রবীন মজুমদার ও তালাত মাহমুদের মতো শিল্পীদের গাওয়া নির্বাচিত গান ড. জীবন বিশ্বাস পরিবেশন করেন তাঁর নিজস্ব আবেগময় গায়কিতে।

একক সংগীতানুষ্ঠানটির শুরুতেই ছিল হাওয়াইন গিটারের পরিবেশনা। ‘কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি’ এবং ‘তুমি কি এখন দেখিছ স্বপন’—এই দুটি গানের সুর বাজিয়ে সংগীতসন্ধ্যার সূচনা করেন ড. জীবন বিশ্বাস। পরে কমল দাশগুপ্তের সুর করা আরও ২০টি স্মরণীয় গান পর্যায়ক্রমে পরিবেশন করেন তিনি। মরমি সংগীতভাবনা ও হৃদয়স্পর্শী উপস্থাপনায় শ্রোতাদের সামনে উন্মোচিত হয় বাংলা গানের স্বর্ণযুগের স্মৃতিময় এক অধ্যায়।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে দর্শকসমাগম ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের তথ্য অনুযায়ী, চার শতাধিক দর্শক-শ্রোতা প্রায় দুই ঘণ্টার পরিবেশনা নিমগ্নচিত্তে উপভোগ করেন। মিলনায়তনের আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে আরও বহু দর্শক অনুষ্ঠান উপভোগের সুযোগ পাননি। নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণাধীন প্রবেশপথ থেকেই তাঁদের ফিরে যেতে হয়।

উদীচী যুক্তরাষ্ট্র এবং নিউইয়র্কের উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সহযোগিতা করে কৃষ্টি নিউইয়র্ক ও বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্দেশক সাধনা আহমেদ পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও শিল্পনির্দেশনার দায়িত্ব পালন করেন। মাহজাবীন মুমু অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে কমল দাশগুপ্তের জীবন ও সৃজনকর্ম নিয়েও বিশেষ আয়োজন রাখা হয়। অনুষ্ঠানে প্রদর্শিত মাসুদ সুমন নির্মিত প্রামাণ্যচিত্রে এই কিংবদন্তি সুরকারের জীবন ও সংগীতসাধনার বিষয়টি তুলে ধরা হয়। সংগীত পরিবেশনার পাশাপাশি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

এ ছাড়া কমল দাশগুপ্তের সংগীত-ঐতিহ্য এবং ড. জীবন বিশ্বাসের শিল্পীজীবন ও বহুমুখী কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন উদীচীর প্রতিনিধি নীরা কাদরী, প্রথিতযশা সাংবাদিক ও সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ এবং অনুষ্ঠানের আর্টিস্টিক ডিরেক্টর সাধনা আহমেদ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী যন্ত্রশিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অতিথিবৃন্দ ও সহযোগী সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা পর্বও আয়োজনের অন্তর্ভুক্ত ছিল।

সন্ধ্যার সমাপ্তি ঘটে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। ড. জীবন বিশ্বাসের কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশিত হলে মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারাও সমবেতভাবে অংশ নেন। প্রবাসের মাটিতে জাতীয় সংগীতের এই সম্মিলিত পরিবেশনা উপস্থিত বাংলাদেশিদের মধ্যে দেশাত্মবোধ, স্বদেশের প্রতি মমত্ব এবং একাত্মতার আবেগঘন অনুভূতি তৈরি করে।


অনুষ্ঠানের কারিগরি ও নেপথ্য ব্যবস্থাপনায় একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করেন। সাধনা আহমেদ শিল্পনির্দেশনার পাশাপাশি সার্বিক পরিকল্পনা করেন। শব্দব্যবস্থাপনায় ছিলেন সীতেশ ধর, মঞ্চসজ্জায় বিশ্বজিৎ চৌধুরী ও আলোক পরিকল্পনায় বাবর খাদেমী। মিলনায়তন ব্যবস্থাপনা, প্রামাণ্যচিত্র এবং প্রক্ষেপণের দায়িত্ব পালন করেন মাসুদ সুমন।

সফল আয়োজনের পর ড. জীবন বিশ্বাস তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বাংলা গানের ঐতিহ্য এবং কিংবদন্তি সুরকারদের সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোই ছিল এই সংগীতসন্ধ্যার অন্যতম প্রধান উদ্দেশ্য। সংগীতের ঐশ্বর্যকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও বিকাশে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ‘জীবনের জলসাঘরে—২’ শুধু গান শোনানোর আয়োজন নয়; বাংলা গানের স্বর্ণযুগের প্রতি শ্রদ্ধা নিবেদন, অতীতের স্মৃতিকে ভালোবাসায় ধারণ এবং সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক উত্তরাধিকার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা।

দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. জীবন বিশ্বাস বলেন, এত ব্যস্ততার মধ্যেও চার শতাধিক মানুষ জ্যামাইকার মিলনায়তন পূর্ণ করে প্রায় দুই ঘণ্টা তাঁর একক সংগীত পরিবেশনা গভীর মনোযোগের সঙ্গে উপভোগ করেছেন। তাঁদের ভালোবাসা ও উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আরও কালজয়ী গান নিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হতে নিয়মিত ও নিরবচ্ছিন্ন প্রস্তুতি অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামে জন্মগ্রহণকারী ড. জীবন বিশ্বাস দীর্ঘদিন ধরে নিউইয়র্কের বাঙালি সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। সংগীতশিল্পী, গীতিকবি, সুরকার ও লেখক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক সংগঠক, প্রযুক্তিবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর রচিত গানের সংখ্যা দুই হাজারের বেশি এবং সুরারোপিত গানের সংখ্যা তিন শতাধিক। তিনি চলচ্চিত্র, টিভি এবং মঞ্চনাটকেও অভিনয় করেছেন। তার লেখা ও সুরে নন্দিত শিল্পী সুবীর নন্দী’র গাওয়া ‘আমার তুমি এলে’ শিরোনামের ১২টি গানের এলবাম প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন।

সাংস্কৃতিক সংগঠক হিসেবেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার সময় থেকে একদল সহযোগী প্রগতিশীল কর্মীকে সঙ্গে নিয়ে প্রায় তিন দশক ধরে উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস পরিচালনার দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

ড. জীবন বিশ্বাস জানিয়েছেন, উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ৪৪ বছর ধরে তিনি উদীচীর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এই সাংস্কৃতিক অঙ্গীকার ও সাংগঠনিক কর্মকাণ্ড আজীবন অব্যাহত রাখার ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি।

পড়ুন : লস অ্যাঞ্জেলেসের উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন