পিরোজপুরে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অস্ত্রোপচার এবং চিকিৎসকের ভুল সিদ্ধান্তের কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশ ক্লিনিকের চিকিৎসক বাদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম।
নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি তারিকুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ফাইজা আক্তারকে পিরোজপুরের দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাদল গর্ভের পানির পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়ে দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচার না করালে গর্ভের সন্তান মারা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে ২৫ হাজার টাকার বিনিময়ে ফাইজার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।
পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর সকালে শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের বাবা তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ১১ নভেম্বর স্ত্রীকে দেশ ক্লিনিকে ভর্তি করানোর পর চিকিৎসক বাদল পরীক্ষা-নিরীক্ষা করে জানান, গর্ভের পানি শুকিয়ে গেছে। দ্রুত সিজার না করালে সন্তান মারা যেতে পারে। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিকের পরীক্ষার প্রতিবেদনে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ উল্লেখ করা হয়। চিকিৎসকের ভুল তথ্যের কারণেই তড়িঘড়ি করে অস্ত্রোপচার করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চিকিৎসকের বিচার দাবি করেন তিনি।
এদিকে নবজাতকের চিকিৎসায় যুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পাপিয়া বৈরাগী পূজা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচার করায় শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পাওয়ার কারণে বিভিন্ন জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে দেশ ক্লিনিকের মালিক ও চিকিৎসক বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
পিরোজপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ক্লিনিকটির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা


