ফটিকছড়িতে কৃষকের ধানের স্তূপে আগুন, পুড়ে ছাই ৬০ শতক জমির ধান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এক কৃষকের কাটা ধানের স্তূপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কৃষক মো. জাহাঙ্গীরের প্রায় ৬০ শতক জমির কাটা ধান পুড়ে ছাই হয়ে গেছে। সারা বছরের পরিশ্রমের ফসল হারিয়ে এখন ঋণের বোঝা ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বাদশা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঋণ নিয়ে জমিতে চাষাবাদ করেছিলেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রমে উৎপাদিত ধান কাটার পর স্তূপ করে রেখেছিলেন। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে বিক্রি করবেন, ঋণ পরিশোধ করবেন এবং পরিবারের প্রয়োজন মেটাবেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মুহূর্তেই শেষ হয়ে যায় তাঁর সেই স্বপ্ন।

ঘটনার পর সকালে পুড়ে যাওয়া ধানের স্তূপের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর। তিনি জানান, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা তাঁর ধানের স্তূপে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। ঋণ করে চাষাবাদ করায় এখন কীভাবে ঋণ পরিশোধ করবেন এবং কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া ধানের স্তূপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁর কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পরিস্থিতি তাঁদের নজরে আনার চেষ্টা করা হবে।”

স্থানীয়রা জানান, একজন কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে পুড়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি ও বেসরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সারা বছরের পরিশ্রমের ফসল হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি কৃষক জাহাঙ্গীর। তাঁর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ার বরিশল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে বরাদ্দ ৩ কোটি ৭০ লাখ টাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন