দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী

দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তির সুবিধার্থে পুলিশ প্রহরায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট পুলিশ তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

​কারা সূত্রে জানা গেছে, বন্দী স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় প্রাপ্ত বাদল ফরাজীর পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজাল নামের আরেক বন্দীকেও একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

​কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে গেছে এবং সেখানেই তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।
​
জেলা প্রশাসক ও কারা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ভারতের দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।

​সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তাঁদের চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনার আলোকে মঙ্গলবার ওয়ারেন্ট, কারা পিসিতে জমা থাকা অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁদের পুলিশ দলের কাছে বুঝিয়ে দেয় কারা কর্তৃপক্ষ।
​
উল্লেখ্য, কেবল নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে ছিলেন বাগেরহাটের সন্তান বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি বাদল সিং, হিসেবে শনাক্ত করে তাঁকে অমর কলোনি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। শুরু থেকেই বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন।

​তবে ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন এবং পরের মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল। সেখানে বন্দী থাকা অবস্থাতেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন।

​পরবর্তীতে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে আনার পর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাঁকে।
​
দেশে ফেরার পরও বাদলের মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছিল না। দীর্ঘদিন ধরে তাঁর মুক্তির দাবিতে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। এ ছাড়া লেখক রাহিতুল ইসলাম তাঁকে নিয়ে,বাদলের কারাবাস, নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের পর তাঁর মুক্তির দাবি আরও জোরালো হয়ে ওঠে।

​এদিকে বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তাঁর বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ ও চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন