সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দুটি হত্যা মামলাসহ একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে আলম শেখ হত্যা মামলায় একজনকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অজ্ঞাতপরিচয় নারী হত্যা মামলায় তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মাদক মামলায় দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে আলম শেখ (৫৫) হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মৃত বারিক মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ অক্টোবর দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া শাহীবাড়ী এলাকায় আলম শেখকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. আজাহার আলী শেখ বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, টাকা-পয়সা লেনদেন নিয়ে আলম শেখের সঙ্গে আসামি সাইফুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন দুপুরে বাবলুর দোকানের পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে সাইফুল ইসলাম ধারালো চাকু দিয়ে আলম শেখের বুকে আঘাত করেন। পরে গলায় আঘাত করে তাঁকে হত্যা করেন। এ সময় লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান।

সিরাজগঞ্জে অজ্ঞাতপরিচয় এক নারীকে হত্যা মামলায় মো. এনামুল হক, মো. সাইফুল ইসলাম ও মিনহাজ ওরফে মেশাই নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় হাটি মৌজায় যমুনা নদীর পাড়ে একটি বড়ই গাছের নিচে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁকে জবাই করে হত্যা করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

খবর পেয়ে স্থানীয় দফাদার গোবিন্দ চন্দ্র চক্রবর্তীসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত নারীর কোনো পরিচয় বা ওয়ারিশ পাওয়া না যাওয়ায় এলাকার দফাদার গোবিন্দ চন্দ্র বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মনিরুল ইসলাম ও তুহিন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনিরুল ইসলাম ও তুহিনের কাছ থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মনিরুল ইসলাম ও তুহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন