খুলনায় দুই দফায় দুর্বৃত্তদের হাতে কালি দিয়ে বিকৃত হওয়ার পর একই দেয়ালে আবারও আঁকা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লোয়ার যশোর রোডে খুলনা রেলস্টেশনের দেয়ালে নতুন করে প্রতিকৃতিটি আঁকেন চিত্রশিল্পী রেজাউল করিম রেজা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে এ কাজ সম্পন্ন হয়।
এর আগে গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নান্দনিক গ্রাফিতি আঁকার উদ্যোগ নেয় কেসিসি। রেলস্টেশন, জেলা স্টেডিয়াম ও শহীদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে আঁকা এসব চিত্রকর্মে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।
এসব প্রতিকৃতির মধ্যে ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, মাইকেল মধুসূদন দত্ত ও বিজ্ঞানী স্যার পিসি রায়।
তবে ৬ নভেম্বর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালি মাখিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে সেখানে পুনরায় গ্রাফিতিটি আঁকা হয়।
কিন্তু প্রথমবার বিকৃত করার ১২ দিনের মাথায় গত ২২ নভেম্বর একই প্রতিকৃতিতে আবারও কালি লাগানো হয়। পরপর দুইবার এমন ঘটনায় স্থানীয় সংস্কৃতিকর্মী ও মুক্তচিন্তার অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো একই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নতুন করে আঁকা হলো। বর্তমানে রেলস্টেশনের দেয়ালে ফকির লালন সাঁই, এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতির পাশে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের নতুন গ্রাফিতি।
চিত্রশিল্পী রেজাউল করিম রেজা বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতিটি আবারও আঁকা হচ্ছে। নিজের হাতে তৈরি শিল্পকর্ম বারবার নষ্ট হতে দেখা খুবই কষ্টের। তিনি জানান, নিজেই অনেকগুলো প্রতিকৃতি এঁকেছেন, কিন্তু সেগুলোর কোনোটিই নষ্ট করা হয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, কেউ যেন অন্যের শিল্পকর্ম এভাবে নষ্ট না করেন।
পড়ুন : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ


