নেত্রকোনা সদর হাসপাতাল: সেবায় প্রশংসা, ভোগান্তিতে ক্ষোভ রোগীদের

রাত তখন তিনটা। হাসপাতালের ওয়ার্ডে রোগীর হাতে লাগানো স্যালাইন শেষ হয়ে নল বেয়ে উল্টো রক্ত বের হতে শুরু করেছে। স্বজন দৌড়ে গেলেন নার্সদের কক্ষে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ; ডাকাডাকি করেও মিলল না সাড়া। আবার ঠিক একই হাসপাতালের অন্য এক ওয়ার্ডে শুয়ে থাকা আরেক রোগী আবেগাপ্লুত কণ্ঠে বলছেন- ‘নার্সরা সারারাত জেগে থেকে মানুষকে যেভাবে স্যালাইন-ইনজেকশন দিয়ে সেবা করেন, পৃথিবীতে এর চেয়ে ভালো কাজ আর আছে কি না আমার জানা নেই।’

একই ছাদের নিচে সেবা আর ভোগান্তির এমন অম্লমধুর বাস্তবতা উঠে এল খোদ চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মুখ থেকেই।

সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ব্যতিক্রমী মতবিনিময় সভায় চিকিৎসক, নার্স, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে নিজেদের অভিজ্ঞতা, কৃতজ্ঞতা আর ক্ষোভের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা।

‘স্বাস্থ্য সেবা মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই স্লোগানকে সামনে রেখে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সভাটির আয়োজন করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, নেত্রকোনা। এতে সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনা ও বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা।

প্রশংসার পাশাপাশি অব্যবস্থাপনার চিত্রসভার মূল আকর্ষণ ছিল হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সরাসরি বক্তব্য। পুরাতন ভবনের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে ভর্তি রোগী নাজমুল হুদা চিকিৎসক ও নার্সদের সেবার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা জানান। তবে পরক্ষণেই তিনি তুলে ধরেন ওয়ার্ডের রূঢ় বাস্তবতা। নাজমুল হুদা বলেন, ওয়াশরুমগুলো অত্যন্ত নোংরা। রোগীদের খাবারের উচ্ছিষ্ট বা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো বালতি বা পাত্র না থাকায় সবাই ওয়াশরুম ও যেখানে-সেখানে ময়লা ফেলছেন। এ ছাড়া রাতের বেলা অনেক রোগী তীব্র কষ্টে কাতরালেও তাদের খোঁজ নেওয়ার মতো দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ওয়ার্ডে পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।

নতুন ভবনের পরিবেশ ভালো হলেও পুরাতন ভবনের ওয়ার্ডগুলোর অবস্থা যে বেশ নাজুক, তা ফুটে ওঠে ডায়রিয়া ওয়ার্ডে থাকা রোগীর স্বজন রুবিনা আক্তারের কথায়। পুরাতন ভবনের নিচতলার ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা ভালো চললেও শয্যা সংকটের কারণে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি। রুবিনা আক্তার বলেন, ডায়রিয়া ওয়ার্ডের বাথরুম অত্যন্ত অপরিচ্ছন্ন এবং চারপাশ অগোছালো, যা সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলার মতো।

শয্যা সংকট, আয়ার আচরণ ও দালালদের দৌরাত্ম্যঅসুস্থ শিশুকে নিয়ে পুরাতন ভবনের তৃতীয় তলায় ভর্তি হওয়া শেফালী আক্তার শোনান আরেক ভোগান্তির গল্প। হাসপাতালে এসে প্রথমে কোনো শয্যা পাননি তিনি। পরে একটি শয্যা খালি হলে দেখেন, আগের রোগীর ফেলে যাওয়া ভাত, রুটি ও কলার খোসায় শয্যাটি নোংরা হয়ে আছে। দায়িত্বরত আয়াকে সেটি পরিষ্কার করে দিতে বললে উল্টো খারাপ আচরণের শিকার হন বলে অভিযোগ করেন শেফালী। বাধ্য হয়ে তিনি নিজেই ঝাড়ু চেয়ে নিয়ে শয্যা পরিষ্কার করার উদ্যোগ নেন।

শেফালী আক্তার আরও জানান, হাসপাতাল থেকে কোনো পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হলেই বাইরে থেকে আসা দালালরা রোগীদের ঘিরে ধরে টানাটানি শুরু করে। নিম্নবিত্ত ও সাধারণ পরিবারের মানুষ অর্থের হিসাব করে সরকারি হাসপাতালে আসেন; তাই হাসপাতালের ভেতরেই সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা হলে রোগীরা দালালদের হয়রানি থেকে রক্ষা পেতেন বলে তিনি মত দেন।

মেঝেতে রাখতে হয় রোগীর খাবারদুই দিন ধরে পুরাতন ভবনের পুরুষ ওয়ার্ডে রোগীর সাথে অবস্থান করা মো. মামুনুর রশিদ চিকিৎসকদের সময়মতো আসার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও রাতের বেলা নার্সিং সেবার তদারকি বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, পুরাতন ভবনের ওয়াশরুমগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। পাশাপাশি ওয়ার্ডে রোগীদের খাবার-দাবার বা প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য পাশে কোনো র‍্যাক বা স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে মেঝেতে খাবার রাখতে হচ্ছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর।

নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহজারুল আমীন, ডা. আরিফুল রহমান, ডা. তৌহিদুল আলম সোহান, ডা. টিটু রায়, ডা. আকলিমা আক্তার, ডা. সুরভি শবনম বৃষ্টি এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী।

এ ছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত থেকে সেবার মানোন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমও এবং চিকিৎসকবৃন্দ হাসপাতালের জনবলসহ বিভিন্ন সীমবদ্ধতাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তবে তারা তাদের সাধ্য মতো চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছেন এবং ভবিয্যতে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোগী ও স্বজনদের সরাসরি অভিযোগ এবং অংশীজনদের পরামর্শের ভিত্তিতে হাসপাতালের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, রাতের তদারকি ও দালাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হবে- এমনটাই প্রত্যাশা সবার।

বিজ্ঞাপন

পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন