হাওরবেষ্টিত খালিয়াজুরীতে তখনো ভোরের আলো ফোটেনি। চারদিকে ফজরের আজানের অপেক্ষা, নীরব জনপদ। ঠিক সেই নিস্তব্ধতা ভেঙে বুধবার ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে হঠাৎই লালচে আগুনের আভা ছড়িয়ে পড়ে উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলার জানালা গলে বেরিয়ে আসতে থাকে লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়া।
মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের পাড়া-মহল্লায়। যারা ফজরের নামাজের প্রস্তুতি নিতে ঘুম থেকে উঠেছিলেন, তারাও আর ঘরে বসে থাকেননি। নারী-পুরুষনির্বিশেষে যার হাতে যা ছিল- বালতি, জগ কিংবা কলসি- তাই নিয়ে ছুটে আসেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সরকারি কোনো বাহিনীর অপেক্ষায় বসে না থেকে সাধারণ মানুষ, কার্যালয়ের কর্মচারী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে। তাদের সেই অভূতপূর্ব তৎপরতায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং রক্ষা পায় বড় ধরনের বিপর্যয়।
ভোরের আবছা আলো ফুটতেই উপজেলা পরিষদ চত্বরে দেখা যায় এক ব্যতিক্রমী কর্মযজ্ঞ। আগুনের তীব্রতা কমাতে কার্যালয়ের অদূরে শাপলা ফোটা পুকুরপাড়ে ছুটে যান স্থানীয় তরুণ ও বাসিন্দারা। পুকুর থেকে একের পর এক বালতি ভরে পানি তুলে দৌড়ে পৌঁছে দেওয়া হয় দোতলায়। শুধু বালতি নয়, দ্রুত পাইপের সাহায্যে পানির সংযোগ দিয়েও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। একদিকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ, অন্যদিকে ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে পানি ছিটানো- সব মিলিয়ে প্রায় এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় থামে আগুনের তান্ডব।
আগুন নেভানোর কাজে সরাসরি অংশ নেওয়া স্থানীয় এক তরুণ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ফজরের নামাজের আগে খবর পাই ইউএনও অফিসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গেই দৌড়ে চলে আসি। পরে অফিস স্টাফ, সরকারি কর্মকর্তা আর আমরা গ্রামবাসী সবাই মিলে পুকুর থেকে পানি তুলে ঢালি এবং আগুন নিয়ন্ত্রণে আনি।’
তার কণ্ঠেই সুর মেলান ঘটনাস্থলে থাকা আরেক বাসিন্দা। তিনি বলেন, ‘ফজরের আজানের অল্প কিছুক্ষণ আগে খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে ছুটে আসি। এসে দেখি বিশাল আগুন জ্বলছে। এলাকার নারী-পুরুষ সবাই মিলে চেষ্টা করে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি।’
উদ্ধারকাজে পিছিয়ে ছিলেন না এলাকার নারীরাও। বালতি-মগ হাতে পানি সরবরাহে ব্যস্ত থাকা স্থানীয় এক নারী বলেন, ‘নামাজ পড়তে উঠেই আগুনের খবর পাই। খবর পেয়েই মহিলারা দ্রুত চলে আসি। অফিসের কর্মচারী আর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে সকলের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
সকালে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ইউএনও কার্যালয়ের দোতলার মূল অফিস কক্ষে গিয়ে দেখা যায় ক্ষয়ক্ষতির চিহ্ন। কক্ষের প্রবেশপথের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের নামফলকটি ধোঁয়ায় কালচে হয়ে আছে। ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কক্ষের দেয়ালগুলো কালো ঝুলে ঢেকে গেছে, ছাদ থেকে ঝুলছে পুড়ে যাওয়া বৈদ্যুতিক তার। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে ওঠা অবশিষ্ট ধোঁয়া ও জ্বলন্ত ধ্বংসাবশেষ পুরোপুরি নেভানোর কাজ সম্পন্ন করেন।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ভোর সাড়ে চারটার দিকে তার কার্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতরে থাকা টিভি ক্যাবিনেটের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আগুন পুরোপুরি নেভানো ও পরিদর্শনের কাজ চলমান থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি; পরবর্তীতে তা জানানো যাবে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের মতে, ভোরের ওই সময়টায় এলাকাবাসী যদি তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসতেন, তবে আগুন দোতলার অন্য কক্ষ ও পুরো ভবনে ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের অপূরণীয় ক্ষতি হতে পারত। বিপদের মুহূর্তে খালিয়াজুরীর সাধারণ মানুষের এই ঐক্যবদ্ধ ভূমিকা এখন এলাকার সবার মুখে মুখে।
পড়ুন : ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২


